ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় উপস্থাপিত শোক প্রস্তাবে দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নাম স্থান পায়নি।
শনিবার রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী।
তার পাঠ করা এই শোক প্রস্তাবের তালিকায় জাসদের নুরে আলম জিকু, সৈয়দ জাফর সাজ্জাদ, সাংবাদিক আখতারুল আলম, বিএনপি নেতা বি এম বাকির হোসেন, চিত্র অভিনেতা বুলবুল আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব বেবী ইসলামসহ অর্ধ শতাধিত নাম স্থান পেয়েছে। কিন্তু দলের টানা ১১ বছরের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নাম ওই তালিকায় স্থান পায়নি।
তবে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে মান্নান ভূঁইয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আমাদের দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, জাতীয়তাবাদী শ্রমিক দলের ত্যাগী নেতা বি এম বাকির হোসেন, মহানগর নেতা ও ওয়ার্ড কমিশনার আহমেদ আলীসহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। তাদের সবার মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি।"
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে আবদুল মান্নান ভূঁইয়া গত ২৭ জুলাই রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তবে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৪৮ ঘ.
bdnews24