ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।
অবিলম্বে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে তাদের বিচার ত্বরান্বিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যা সমাধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ১৯৭২ সালের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সিপিবি এ কর্মসূচি পালন করবে।
ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় এ কর্মসূচির পালন করা হবে বলে গত ১৬ জুলাই পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পার্টির সভাপতি মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যৌথ বিবৃতিতে বলেন, "মুষ্টিমেয় দালালবান্ধব ব্যক্তি ছাড়া দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচার চায়। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনগণের সংগঠিত আন্দোলনকে আরো জোরদার করতে হবে।"
একই সঙ্গে নেতারা ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যা সমাধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/০৯২৬ ঘ.
bdnews24