নরসিংদী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুরে নিজ বাড়ির লিচু তলায় বুধবার সন্ধ্যায় চিরনিদ্রায় শায়িত হলেন মান্নান ভূঁইয়া।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের আসাদ নগরে নানার বাড়িতে তার জন্ম।
ঢাকায় দুদফা নামাজে জানাজা শেষে বুধবার দুপুরের পর নরসিংদীতে নিয়ে আসা হয় বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার মরদেহ।
দুপুর সাড়ে ৩টার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে অবস্থিত পৈত্রিক বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছানোর আগে সড়কের দুপাশে দাঁড়িয়ে মানুষ ফুল ছিটিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।
তাকে শেষবার দেখার জন্য বাড়িতে শোকার্ত মানুষের ঢল নামে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
শিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হারিছ রিকাবদার বলেন, "দলমত নির্বিশেষে মান্নান ভূঁইয়া ছিলেন নরসিংদীবাসীর অভিভাবক। এ অভিভাবককে হারিয়ে আমরা সকলেই আজ শোকাহত।"
এরপর শিবপুর সদরের কাছে ধানুয়া গ্রামের নিজ বাড়ির লিচু তলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই মুক্তিযোদ্ধাকে।
এর আগে বিকাল ৬টার দিকে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে তার তৃতীয় ও চতুর্থ দফায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সহকারি পুলিশ সুপার আসাদউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু, সাবেক বিএনপি সাংসদ এম মোরশেদ খান, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক মোহন, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা জেড এ খান, সানাউল্লাহ মিয়া, খাযরুল কবির খোকন, নরসিংদী পৌরসভার চেয়ারম্যান লোকমান হোসেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিরা এ জানাজায় অংশ নেন।
বুধবার সকাল থেকে সমাহিত করার আগ পর্যন্ত জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ছিলো জাতীয় সংসদের চারবারের এই সদস্য ও মুক্তিযোদ্ধার কফিন।
এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার বেলা সোয়া ১১টায় প্রথম এবং বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররমে পৌঁছায় মান্নান ভূঁইয়ার মরদেহ। সেখানে বিপুল সংখ্যক মানুষ তার জানাজায় শরিক হয়।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে সেখানে প্রবীণ এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। দক্ষিণ প্লাজায় কালো কাপড় দিয়ে তৈরি একটি মঞ্চে রাখা হয় মরহুমের কফিন।
জানাজা শেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদের পক্ষে চিফ হুইপ আব্দুস শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মান্নান ভূঁইয়াকে শেষ শ্রদ্ধা জানান।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী নেতা তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিএনপি নেতা মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন আহমেদ, মঞ্জুর কাদের, এম এম শাহিন, জাসদের আ স ম আবদুর রব, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, আনোয়ারুল কবীর তালুকদার, সাবেক সচিব এম এ হাকিম, কর্ম কমিশনের চেয়ারম্যান সাহাদাৎ হুসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংসদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ জানাজায় অংশ নেন।
মৃত্যুর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা ছিলো মান্নান ভূঁইয়ার মরদেহ। সেখান থেকে বুধবার সকাল পৌনে ৭টার দিকে গুলশানের বাসায় পৌঁছায় তার কফিন। তখন সেখানে এক মর্মস্পর্শী অবস্থার সৃষ্টি হয়।
মরহুমের মরদেহ বাসার নিচ তলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। খোলা হয় শোক বই।
গুলশানের বাসা থেকে বেলা ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় মান্নান ভূঁইয়ার কফিন।
প্রবীণ এই রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাতে সকালেই গুলশানের বাসায় ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সিপিবি'র পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আওয়ামী লীগের আতাউর রহমান কায়সার, বিএনপি নেতা মাহবুবুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মুয়ীদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সংসদ ভবনের দক্ষিণ প
bdnews24