২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবপুরে মান্নান ভূঁইয়ার দাফনের প্রস্তুতি সম্পন্ন

সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়ার দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নরসিংদীর শিবপুর উপজেলার গ্রামের বাড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 06:47 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

নরসিংদী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়ার দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নরসিংদীর শিবপুর উপজেলার গ্রামের বাড়িতে। বুধবার বাদ আছর ধানুয়া গ্রামের নিজ বাড়ির লিচু তলায় তাকে দাফন কর হবে। এর আগে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। মৃত্যুর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা ছিলো মান্নান ভূঁইয়ার মরদেহ। সেখান থেকে বুধবার সকাল পৌনে ৭টার দিকে গুলশানের বাসায় নেওয়া হয় তার কফিন। তখন সেখানে এক মর্মস্পর্শী অবস্থার সৃষ্টি হয়। গুলশানের বাসা থেকে বেলা ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া কফিন। এরপর সেখানে তার প্রথম নামাজে জানাজা হয়। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত সংসদের চারবারের এই সদস্যের কফিন কালো কাপড় দিয়ে তৈরি একটি মঞ্চে রাখা হয়। মান্নান ভূঁইয়ার দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এরপর মরহুমের মরদেহ নিয়ে আসা হবে গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে। পারিবারিক সূত্র জানিয়েছে, এলাকাবাসীর ইচ্ছানুযায়ী শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের নিজ বাড়ির লিচু তলায় মান্নান ভূঁইয়াকে দাফন করা হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মান্নান ভূঁইয়ার মৃত্যুতে তার সমর্থকরা কালো ব্যাজ ধারণ করেছেন। শিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হারিছ রিকাবদার কালা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মান্নান ভূঁইয়া ছিলেন নরসিংদীবাসীর অভিভাবক। এ অভিভাবককে হারিয়ে আমরা সবাই আজ শোকাহত।" তিনি জানান, মান্নান ভূঁইয়াকে শেষ শ্রদ্ধা জানানো হবে তার প্রতিষ্ঠিত শহীদ আসাদ কলেজ মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৭ ঘ.