ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
মঙ্গলবার সকালে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ ) তাকে দেখার পর চিকিৎসকরা এ কথা জানান।
স্কয়ার হাসপাতালের আইসিইউ'র প্রধান কাজী নিজামউদ্দিন মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব মিলে তার (মান্নান ভূঁইয়া) অবস্থা ভালো নয়, সংকটজনক অবস্থায় আছেন। দীর্ঘদিন লাইফ সাপোর্টের ওপর তিনি রয়েছেন। বুঝতেই পারেন অবস্থাটা কেমন।"
তিনি বলেন, "সোমবার রাতে রোগীর রক্তচাপ একেবারে নিুমুখী ছিলো। পরে মেডিসিন দিয়ে রক্তচাপ কিছুটা বাড়ানো হয়েছে।"
মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক বজলুল গনি ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে তার রক্তচাপ রেকর্ড করা হয়েছে ৭০-১১০। রক্তচাপ স্থিতিশীল নয়। সোমবার রাতে তার রক্তচাপ একেবারে কমে ২৬-৬০ এ নেমে আসে। পরে ওষুধ প্রয়োগ করে তা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ফুসফুসে ক্যান্সারের কারণে শ্বাসনালীতে বসানো টিউবের মাধ্যমে মান্নান ভূঁইয়াকে কৃত্রিম যন্ত্রে ৮৫ ভাগ অক্সিজেন দেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই তার শ্বাসনালীতে অস্ত্রোপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।
ফুসফুসে ক্যান্সারের কারণে মান্নান ভ্ূঁইয়া স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না।
স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে মান্নান ভূঁইয়ার চিকিৎসা চলছে।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়ার অবস্থার অবনতি হলে সেখানে ৫ জুন তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর দুইদিন পর ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে মান্নান ভূঁইয়াকে আইসিইউতে লাইফ সার্পোটে রাখা হয়েছে।
গত জানুয়ারি মাসে ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়া তার চিকিৎসা শুরু করেন। সর্বশেষ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ৩১ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১০৭ ঘ.
bdnews24