ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার রাতে দেওয়া এই বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দাবি করেন, রোববার মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলা হয়- আপনার বাবার যে পরিণতি হয়েছে, আপনারও তাই হবে।
সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি নেতাদের এই বক্তব্যেকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও অগণতান্ত্রিক স্বৈর রাজনীতির বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন।
বিবৃতিতে আরো বলেন, বিচারালয়, বিচারক নিয়োগ এবং আদালতের স্বাভাবিক কার্যক্রম সম্পর্কে বিএনপি-জামাত অপশক্তি মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে আদালতের পবিত্রতা বিনষ্ট করার পাশাপাশি জনগণকে বিভ্রান্ত করতে চায়।
আশরাফ বিবৃতিতে আরো বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপির প্রধান দায়িত্ব হয়ে উঠেছে। তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ ও সংসদকে অকার্যকর করতে চায় এবং গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিএনপি'র নীতিনির্ধারকদের তিনি সংঘাতের রাজনীতি পরিত্যাগ করে মানুষেকে শান্তিতে থাকতে দেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/ডিডি/০০০০ ঘ.
bdnews24