ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ আটক আট ছাত্রদল নেতাকে শুক্রবার রাতে ছেড়ে দিয়েছে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার কাউসার মাহমুদ জানান, রাত ৯টা ২০ মিনিটে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আলীম ছাড়া অন্যরা হলেন, ছাত্রদলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল মালেক, সৈয়দ জাহিদ বিন খায়ের, মোঃ ফখরুল ইসলাম, সিলেট ছাত্রদল নেতা আমিনুল ইসলাম মামুন ও গাড়ির মালিক আজাহার আলী।
র্যাব-৯ এর সদস্যরা তাদেরকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করেছিল।
পরে তাদের শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এর আগে র্যাব-৯ এর পরিচালক উইং কমান্ডার সৈয়দ অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলিমসহ ৮ জনকে আটক করা হয়েছে।"
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার কাউসার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেটে গত কয়েকদিন আগে ছাত্রদল নেতা মামুনের নেতৃত্বে অস্ত্রের শো-ডাউন হয়। র্যাব মামুনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তা পণ্ড হয়ে যায়। এরপর আলীমের নেতৃত্বে মামুনসহ ছাত্র দলের একটি দল শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হলে র্যাব সাতগাঁও এলাকায় মামুনকে গ্রেপ্তার করতে চাইলে তারা র্যাবের কাজে বাধা দেয়। তাই তাদের সবাইকে আটক করা হয়।"
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল জানান, শনিবার অনুষ্ঠেয় স্থানীয় জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রদলের বর্ধিত সভায় যোগদানের জন্য কেন্দ্রীয় ছাত্রদল নেতারা মৌলভীবাজার আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এসএম/ডিডি/এইচএ/২১৪৭ ঘ.
bdnews24