খুলনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে জাতীয় পার্টি (জাপা) সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী জিএম কাদের।
শুক্রবার খুলনার দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মহাজোট সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে তিনি আশাবাদ ব্যক্ত করে জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।
পার্টিকে শক্তিশালী করতে তিনি দলীয় নেতা-বর্মীদের শৃঙ্খলার সঙ্গে রাজনৈতিক চেতনা ও মতাদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর মোস্তফার সভাপতিত্বে দিঘলিয়ার স্টার জুটমিল শ্রমিক মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় নেতা আমীরুল ইসলাম ঝন্টু, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বাদল খন্দকার, যুগ্ম সম্পাদক আলমগীর শিকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, সাবেক সংসদ সদস্য শেখ আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, মহানগর সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান প্রমুখ।
এর আগে তিনি ফুলতলা ও ফুলবাড়ী গেটে দু'টি পথসভায় বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24