২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার দেশকে অস্থিতিশীল করার কৌশল নিয়েছে'

বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে অস্থিতিশীল করার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে অস্থিতিশীল করার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংেয়ে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার বিএনপির মানববন্ধন ও প্রতীক গণ অনশন কর্মসূচি করতে দেয়নি। এভাবে তারা নিজেরাই দেশকে অস্থিতিশীল করছে। গণতান্ত্রিক কর্মসূচি করতে না দিয়ে তাদের ফ্যাসিস্ট চরিত্র প্রকাশ করেছে।" বর্তমান সরকারকে এ ধরনের আচরণ থেকে সরে আসার আহবান জানান তিনি। ২৫ জুলাই প্রতীক অনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, "সরকার ইচ্ছাকৃতভাবে পল্টন ময়দান দেওয়া নিয়ে নানা টানবাহানা করেছে। তারা বিরোধী দলকে কোনো কর্মসূচি করতে না দিয়ে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য করছে।" আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দমন-নির্যাতন বন্ধ করা, দ্রব্যমূল্য কমানোসহ জনদুর্ভোগ লাগবের দাবিতে বিএনপি গত ১৫ মে পল্টন ময়দানে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছিল। সরকারের এরূপ কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি আগামী ২৫ জুলাই বিকালে মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করবে। সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, পল্টন ময়দান না পাওয়ায় গণ অনশনের প্রতীক কর্মসূচি বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল কাইয়ুম ও যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জিএনএ/১৮৪৬ ঘ.