২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে খাদ্যের অভাব হবে না: প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের আমলে দেশে কোনো খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

খুলনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারের আমলে দেশে কোনো খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "মৌলিক অধিকার শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিক চালু ও সবাইকে শিক্ষার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।" শুক্রবার বিকালে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে আইলা দুর্গতদের মধ্যে গৃহ নির্মাণ অনুদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় হেলিকপ্টারযোগে সাতক্ষীরা থেকে খুলনার কয়রা উপজেলায় পৌঁছান। বেলা ৩টা ১৭ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রী ২০টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণ অনুদানের চেক, শাড়ি, লুঙ্গি ও বৈদ্যুতিক সোলার প্যানেল বিতরণ করেন। এর আগে তিনি সাতক্ষীরায় গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আগামী শুষ্ক মৌসুম শেষ হওয়ার আগেই আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাঁধগুলো নির্মাণ করতে হবে। কয়রা ও পাইকগাছা উপজেলার হাসপাতাল দু'টি ৫০ শয্যায় উন্নীত করা হবে। খেলাধুলার মানন্নোয়নে এ দুটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে। দু'টি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা হবে। যার মধ্যে একটি থাকবে মেয়েদের। তিনি আরো বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে খুলনার বন্ধ মিল কলকারখানা চালুর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন- খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য সোহরাব আলী সানা ও মোল্লা জালাল উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রমুখ। খুলনার কয়রা ও দাকোপ উপজেলার আইলা দুর্গত ৩৮ হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৭৬ কোটি টাকার গৃহ নির্মাণ অনুদান দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়রায় ২৭ হাজার ৪০০ পরিবারের মধ্যে ৫৪ কোটি ৮০ লাখ এবং দাকোপে ১০ হাজার ৬০০ পরিবারের মধ্যে ২১ কোটি ২০ লাখ টাকা। ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ উপকূলীয় এলাকায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৮ ঘ.