ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৫ জুলাই প্রতীক অনশন কর্মসূচির বদলে সেদিন মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''৮ জুলাই পল্টন ময়দানের জন্য আবেদন জানিয়েছিলাম। বিকাল ৬টা পর্যন্ত আমরা অনুমতি পাইনি। এর প্রতিবাদে আমরা মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি।''
প্রতীক অনশনের কর্মসূচি স্থগিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''পল্টন ময়দানের অনুমতি না পাওয়ায় ওই কর্মসূচি করবো কিভাবে। তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ।''
মঙ্গলবার খোন্দকার দেলোয়ার ২৫ জুলাই পল্টন ময়দানে সকাল ১১ টা থেকে বিকার ৫ টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, কারাবন্দি নেতাদের মুক্তি, দমন নির্যাতন বন্ধের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০০২ ঘ.
bdnews24