২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে বাঁচাতে বেসামাল বিএনপি: সুরঞ্জিত

জামায়াতকে বাঁচাতে বেসামাল হয়ে বিএনপি 'সর্বদলীয় সংসদীয় কমিটি' ইস্যুতে দ্বৈত অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষ এই কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতকে বাঁচাতে বেসামাল হয়ে বিএনপি 'সর্বদলীয় সংসদীয় কমিটি' ইস্যুতে দ্বৈত অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষ এই কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেন বলেন, "একদিকে ১১ ও ১২তম সংশোধনীকে তারা বৈধ বলছে, অন্যদিকে সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্যোগকে 'সংবিধান ও কার্যপ্রণালী বিধি' বহির্ভূত বলে অভিহিত করছে। অথচ ওই দুই সংশোধনী করতে বিএনপি সংসদীয় কমিটি করেছিলো।" তিনি বলেন, "জামায়াতকে বাঁচাতে বেসামাল হয়ে বিএনপি এ ধরণের দ্বৈত অবস্থান নিয়েছে। নানা অসংলগ্ন কথা বলছে। যে কোন মূল্যে তারা তাদের এতো দিনের মিত্রকে রাজনৈতিক মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায়।" এ ভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিএনপির জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সুরঞ্জিত বলেন, "এ ধরণের স্ববিরোধী অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন।" সৈয়দা রাজিয়া মোস্তফার সভাপতিত্বে গোলটেবিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। শেখ রাসেল মেমোরিয়াল একাডেমি 'যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াতের রাজনীতি এবং ৭২'র সংবিধানে পুনঃপ্রবর্তন' শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৮৩৫ ঘ.