ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন রোধে সরকার বিরোধী দলের নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন ও গুম করার নীতি নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।
ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম নিখোঁজ থাকার প্রতিবাদে বিভিন্ন সিটি করপোরেশনের বিএনপি সমর্থক কাউন্সিলররা সকাল সোমবার ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচির আয়োজন করেন।
অনশন কর্মসূচির সমাবেশে এম কে আনোয়ার বলেন, "এ সরকার রিমান্ডের নামে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা চৌধুরী আলমের মতো কাউন্সিলরকে গুম করে চুপ হয়ে আছে। এভাবে দমন নির্যাতন করে তারা জনগণকে দাবিয়ে রাখতে চায়।"
নির্যাতন চালিয়ে বিরোধী দলকে দমানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, "সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন দমননীতির আশ্রয় নিয়েছে।"
তিনি অবিলম্বে চৌধুরী আলমকে খুঁজে বের করার দাবি পুনর্ব্যক্ত করেন।
গত ২৫ জুন চৌধুরী আলমকে ইন্দিরা রোডের কাছ থেকে সাদা পোশাকের লোকেরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেই থেকে তার কোনো সন্ধান মেলেনি।
প্রতীকী অনশনে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও ঢাকা সিটি করপোরেশনের বিএনপি সমর্থক কাউন্সিলররা অংশ নেন।
তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক বরিশালের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ার, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অঙ্গসংগঠনের নেতারা সেখানে যান।
প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে সেখানে আরও যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম ফায়েজ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন, কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১৩৫৬ ঘ.
bdnews24