ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় রাজধানীর পল্লবীতে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মতিউর রহমান নিজামীকে এবার পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার বিকালে রমনা থানায় ফারুক হোসেন হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন নিজামীর পক্ষে এ মামলার রিমান্ড আবেদন বাতিল ও জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় হাকিম শামীমা পারভীন উত্তরা থানার মামলায় গত ৩০ জুন মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ডে নিজামীকে নেওয়ার অনুমতি অনুমতি দেন। এর ফলে প্রথমে উত্তরা থানায় নিয়ে যাওয়া হবে নিজামীকে।
গত বৃহস্পতিবার এ মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয় সিআইডি।
শুনানিতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে বলা হয়, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাকে বার বার রিমান্ডে নেয়া হচ্ছে। এ মামলাটি সরকার রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে দায়ের করেছে।
এ বক্তব্যের জবাবে রাষ্ট্রপক্ষে বলা হয়, এ মামলাটি এ সরকারের আমলে দায়ের করা হয়নি, করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে। নিজামী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধাসহ বহু সাধারণ মানুষকে হত্যার ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।
শুনানির সময় নিজামী কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।
পল্লবীতে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার জামায়াতে ইসলামীর অপর নেতা কাদের মোল্লা এবং কামারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এইচএ/১৯২১ ঘ.
bdnews24