২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লা ও কামারুজ্জামান পাঁচ দিনের রিমান্ডে

রাজধানীর পল্লবী থানার গণহত্যা মামলায় জামায়াতে ইসলামী নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 10:54 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থানার গণহত্যা মামলায় জামায়াতে ইসলামী নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ১০ দিনের আবেদনের ওপর শুনানি শেষে মহানগর হাকিম রোখসানা বেগম হেপী বুধবার বিকালে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় বেলা পৌনে ৪টার দিকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। সিআইডির পরিদর্শক নুরুল ইসলাম সিদ্দিকী তাদের ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। জামায়াতে ইসলামীর এই দুই সহকারী সেক্রেটারি জেনারেলকে পল্টন থানার তিন মামলায় গ্রেপ্তার দেখানোরও আবেদন করা হয়েছে। আসামিদের উপস্থিতিতে এ বিষয়গুলোর শুনানি গ্রহণ করেন মহানগর হাকিম রোখসানা বেগম হেপী। মঙ্গলবার বিকালে হাইকোর্টের সামনে থেকে প্রথমে কাদের মোল্লা এবং তারপর কামারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদেরকে মিন্টো রোডের গোয়েন্দা দপ্তরে রাখা হয়। কাদের মোল্লাকে গ্রেপ্তারের পর রমনা জোনের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে কামারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবারই হাইকোর্ট কেরানীগঞ্জ থানায় দায়ের করা মুক্তিযোদ্ধা হত্যা মামলা ও শাহবাগ থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুটি মামলায় কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেয়। মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোকদী গ্রামে ওই গণহত্যার ঘটনায় ২০০৮ সালের জানুয়ারিতে পল্লবী থানায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা ওই গণহত্যার মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে। এই মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানও আসামি বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি ইকবাল হোসেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় গত ২৯ জুন নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাদেরকে ওই মামলায় জামিন দিলেও পাঁচটি মামলায় ১৬ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এজে/আরএ/এজে/১৬৫৩ ঘ.