নাটোর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন সভা করার অভিযোগে নাটোর শহরের ইসলামি হাসপাতাল থেকে বুধবার শহর জামায়াতের আমিরসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহর জামায়াতের আমির আতিকুল ইসলাম (৩৫), শিবিরের জামহুরিয়া মাদ্রাসা শাখার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (২৮), ইসলামি হাসপাতালের ব্যবস্থাপক জামাল উদ্দিন (৩৫), কর্মী মেহেদী হাসান (৩০) ও নূর ইসলাম (২৫)।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতের কিছু নেতা-কর্মী দুপুর সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস মোড়ে খন্ড মিছিল করে। মিছিল শেষে তারা ইসলামি হাসপাতালে গোপন সভা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, সভা চলাকালে পুলিশ ওই হাসপাতাল থেকে আতিকুল ইসলামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়।
ওসি বলেন, "আটককৃতরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তাই তাদের বিরুদ্ধে অপরাধ দমন আইনে মামলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৫৬ ঘ.
bdnews24