২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার না করার নির্দেশ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাসহ চার জনের আগাম জামিনের আবেদন শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাসহ চার জনের আগাম জামিনের আবেদন শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আবদুল হাফিজের বেঞ্চ তাদের আগাম জামিনের আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করে এই আদেশ দেয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২৯ জুন শাহবাগ থানায় দায়ের করা মামলায় কামারুজ্জামান মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা মোস্তফা হত্যা মামলায় তার ছেলে মোজাফফর হোসেন কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। এই মামলায় কামারুজ্জামান, কাদের মোল্লা, স্থানীয় জামায়াত নেতা হাজী নাজিমউদ্দিন ও আবুল হোসেন আলাদাভাবে আগাম জামিনের আবেদন করেন। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান মোহন আবেদন দুটির ওপর শুনানির জন্য একদিনের সময় চেয়ে আবেদন করলে আদালত শুনানি মুলতবি করে দেয়। আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আগাম জামিনের আবেদনের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীদের গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএএ/আরএ/১৭২৫ ঘ.