২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের রিমান্ড বাতিল আবেদনের শুনানি বুধবার

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পুলিশি হেফাজত বাতিলের আবেদনের ওপর বুধবার হাইকোর্টে শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পুলিশি হেফাজত বাতিলের আবেদনের ওপর বুধবার হাইকোর্টে শুনানি হবে। এ শুনানি না হওয়া পর্যন্ত তাদের হেফাজত নেওয়ার ক্ষেত্রে 'ব্লাস্ট বনাম রাষ্ট্র মামলার' রায়ের নজির মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি মামলায় হেফাজত বাতিলের জন্য তাদের করা আবেদনে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেয়। উচ্চ আদালত প্রদত্ত 'ব্লাস্ট বনাম রাষ্ট্র' মামলার রায়ে রিমান্ডে নির্যাতন না করা, আইনজীবীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ ও স্বচ্ছ কাঁচের কক্ষে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে। রমনা থানায় দায়ের করা ফারুক হত্যা মামলায় নিজামীদের চার দিনের হেফাজত মঞ্জুর করা হয় গত ৩০ জুন। এ মামলায় সোমবার নিজামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। মুজাহিদ ও সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া গত শনিবার। ওদিকে উত্তরা ষড়যন্ত্রের মামলায় তাদের তিন দিনের হেফাজত মঞ্জুর হলেও এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এখনও হেফাজতে নেওয়া হয়নি। এ দুটি মামলায় রিমান্ড বাতিলের জন্য গত রোববার তারা হাইকোর্টে আবেদন করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/