২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌধুরী আলম সম্পর্কে সরকারের ব্যাখ্যা দাবি বিএনপির

নিখোঁজ চৌধুরী আলমের অবস্থান সর্ম্পকে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিখোঁজ চৌধুরী আলমের অবস্থান সর্ম্পকে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। শনিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান। খন্দকার মোশাররফ বলেন, "বিরোধী দলকে দমিয়ে রাখতে সরকার নির্যাতন-গুম-অপহরণের পথ বেছে নিয়েছে। চৌধুরী আলমকেও তারা অপহরণ করেছে। '৭২-৭৫ সালেও তারা এভাবে অনেক বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করেছে। এবারও তারা একই কাজ করছে।" তিনি দাবি করেন, সাদা পোষাকধারী আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাই চৌধুরী আলমকে গ্রেপ্তার করেছে। তাই অনতিবিলম্বে তাকে মুক্তি অথবা আদালতে হাজির করতে হবে। সরকারের এ ধরণের তৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মহানগর বিএনপির উদ্যোগে মুক্তাঙ্গণে বিকালে নিখোঁজ রমনা থানা বিএনপির সভাপতি ও ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে খুঁজে বের করার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি হয়। রমনা থানাসহ আশ-পাশের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। গত ২৫ জুন চৌধুরী আলমকে রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে সাদা পোষাকধারী কয়েজন মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে গেছে বলে দাবি করে আসছে বিএনপি ও তার পরিবার। এরপর থেকে চৌধুরী আলমের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খন্দকার মোশারফ হরতালের সময়ে আটক মির্জা আব্বাস, শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতৃবৃন্দের মুক্তিরও দাবি জানান। সরকারি দল সমর্থিত ছাত্র সংগঠনের নানা অপকর্মের ব্যাপারে সরকারের নিরবতার কঠোর সমালোচনা করেন তিনি। দলটির স্থায়ী কমিটির অপর সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করে বলেন, "বর্তমান সরকার অপহরণের রাজনীতি শুরু করেছে। এ সরকারের আমলে গুপ্ত হত্যা বেড়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে আওয়ামী লীগ সংবিধান ও মানবতাবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে।" বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চৌধুরী আলমের ছোট ভাই খোরশেদ আলম মিন্টুসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২০৫৮ঘ.