ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থার উন্নতি হয়নি; ক্রমশ আরো অবনতির দিকে যাচ্ছে।
শুক্রবার দুপুরে তার দুই চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে মান্নান ভুঁইয়ার (৬৭) শরীরের তাপমাত্রা বেড়ে ১০২ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত একই তাপমাত্রা ছিলো। তবে তারপর তাপমাত্রা বাড়তে শুরু করেছে; কোনোভাবেই কমছে না।
তারা আরো জানান, মান্নান ভূঁইয়ার অক্সিজেন গ্রহণের ক্ষমতাও কমেছে। গত দুদিন কৃত্রিম যন্ত্রের মাধ্যমে তাকে ৭০-৮০ ভাগ অক্সিজেন দেওয়া গেলেও শুক্রবার সকাল থেকে শতভাগ অক্সিজেন দিতে হচ্ছে।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়ার অবস্থা পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাতে জরুরি ভিত্তিতে ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা দুই দফায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন মান্নান ভূঁইয়ার অবস্থা দেখেছেন।
মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিৎসক বজলুল গনী ভূঁইয়া শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ড কিছু ওষুধ পরিবর্তন করেছে। কিন্তু এখনো তার অবস্থার কোনো উন্নতি হয়নি; অবস্থা আশঙ্কাজনক।
এ সময় তিনি দেশবাসীর কাছে মান্নান ভূঁইয়ার আশু আরোগ্যে দোয়া কামনা করেন।
সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এরপর রাত ৮টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার থেকেই তিনি লাইফ সাপোর্টের ওপর শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মান্নান ভূঁইয়ার পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য সিঙ্গপুরে তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। সর্বশেষ কেমোথেরাপি দেওয়ার পর থেকে তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলছিলো। এ চিকিৎসার জন্য তিনি দুই দফা সিঙ্গাপুর যান। সর্বশেষ চিকিৎসা শেষে গত ৩০ এপ্রিল দেশে ফিরেছিলেন তিনি।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী এই মন্ত্রী টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩০৩ ঘ.
bdnews24