২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম সংশোধনী রিটের শুনানি মুলতবি

সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের সামরিক শাসনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি আগামী ২৬ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 01:33 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের সামরিক শাসনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি আগামী ২৬ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার রিট আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করে। কিন্তু সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই পর্যন্ত তা মুলতবি করা হয়। সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল হাইকোর্ট এইচএম এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৮২ থেকে '৮৬ সাল পর্যন্ত সব সামরিক আইন, আদেশ, নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চায়। বৃহস্পতিবার সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। ব্যারিস্টার আজিম শুনানিতে বলেন, সংবিধানের মূল স্তম্ভ ভঙ্গ করে সংসদ কোনো আইন করতে পারে না। সামরিক শাসনের কোনো অইনগত বৈধতা নেই। ১৯৮৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের মশলা ব্যবসায়ী আবু তাহের খুন হন। এ ঘটনায় ওই বছরের ২৪ ডিসেম্বর চট্টগ্রামের কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন ওই থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় চট্টগ্রামের ৩ নম্বর সামরিক আদালত ১৯৮৬ সালের ২০ মার্চ সিদ্দিক আহমেদ, নূর মোহাম্মদ ও নুরুল আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই বছরেই ১৯ জুলাই প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদ ওই রায় বহাল রাখেন। রায়ের সময় সিদ্দিক আহমেদ পলাতক ছিলেন। ২০০৬ সালের ২ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৭৫০ ঘ.