২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার পরবর্তী শুনানি ১২ আগস্ট

আদালত অবমাননার মামলায় বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির করানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার মামলায় বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির করানো হয়েছে। জবাব দেওয়ার জন্য আদালত ১২ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে। গত ২১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় 'চেম্বার মানেই সরকার পক্ষে স্টে' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমনানাকর দাবি করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আদালত অবমাননার আবেদন দায়ের করেন। এরপর গত ২ জুন আপিল বিভাগ আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর, প্রকাশক হাশমত আলী হাসুসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আদালত তাদেরকে ৫ জুলাই (সোমবার) ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়। এরপর সেদিন ও তার পরদিন মঙ্গলবার আপিল বিভাগে মাহমুদুর রহমান ছাড়া অপর চারজন হাজির হন। মঙ্গলবার মাহমুদুরের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সময় আবেদন জানিয়ে বলেন, মাহমুদুর রহমান কারাগারে আটক রয়েছেন। তাই তিনি হাজির হতে পারেননি। শুনানি শেষে আপিল বিভাগ মাহমুদুরকে বৃহস্পতিবার আদালতে হাজির করানোর জন্য সরকারকে নির্দেশ দেয়। মাহমুদুরকে বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে হাজির করানো হয়। অপর চার আসামিও এ সময় আদালতে হাজির ছিলেন। শুনানিতে ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, মাহমুদুর রহমান রুলের জবাব দেবেন। প্রকাশক হাসমত আলী হাসুসহ চারজন নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন জানাবেন। আদালত জবাব দেওয়ার জন্য ১২ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ধার্য করে। ব্যারিস্টার রফিক-উল-হক তাদের আদালতে হাজিরা থেকে অব্যাহতির আবেদনও জানান। আদালত এ আবেদন নাকচ করে দেয়। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন। রফিক-উল-হকের সঙ্গে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুনানি শেষে মাহমুদুরকে ১০টা ১০ মিনিটে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণার এক মামলায় গত ২ জুন ভোররাতে মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১ জুন পত্রিকাটির প্রকাশনা বাতিল ও প্রেস সিলগালা করে দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/১২২৬ ঘ.