বগুড়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়ায় চাল ব্যবসায়ী ও ট্রাক শ্রমিকদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলায় চারজন আহত হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ী ও শ্রমিকরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পরে দুপচাঁচিয়া থানার ওসি ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুপচাঁচিয়া থেকে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় চাল সরবরাহের সময় ট্রাক ছিনতাইসহ চালক ও তার সহকারীকে হত্যার ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী ও ট্রাক শ্রমিকরা মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছে।
দুপচাঁচিয়া থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারা দেশে বিএনপি-জামায়াতের মানববন্ধন কর্মসূচি ছিলো। পুলিশ ভেবেছিলো এটা তারই অংশ।
ব্যবসায়ীরা তাদের কর্মসূচির বিষয়টি পুলিশকে আগে থেকে না জানানোয় এই ভুল বোঝবুঝির সৃষ্টি হয়েছে।
দুপচাঁচিয়া চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, দুপুরে ব্যবসায়ী ও শ্রমিকরা বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড থেকে বনবিভাগ পর্যন্ত সড়কের এক পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করে।
পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় এবং আন্দলনকারীদের লাঠিপেটা করে।
এতে ব্যবসায়ী মোবরক, ট্রাক শ্রমিক আব্দুল মজিদ, ফায়জুল ইসলাম ও রানা আহত হয়।
বিক্ষুব্ধ ব্যবসায়ী, ট্রাক শ্রমিক ও আড়তদাররা পুলিশকে ধাওয়া করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
লাঠিপেটার প্রতি আন্দোলনকারীরা বগুড়া-নওগাঁ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বলে চালকল মালিক সমিতির নেতা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24