বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের একটি বাসা থেকে বুধবার ছাত্রশিবিরের সেক্রেটারিসহ আটজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, আল আমিন, সাইফুল ইসলাম, মো. আব্দুর রহমান, রফিকুল ইসলাম, মো. মাহমুদ, রাকিবুল হাসান ও মো. মাহামুদ।
বরিশালের সহকারী পুলিশ কমিশনার আনোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অক্সফোর্ড মিশন রোডে চিকিৎসক এমদাদুল্লাহর বাসার প্রথম ও দ্বিতীয় তলায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নগরীতে নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করছিলো। এমন খবরে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাসাটি থেকে পাঁচটি কম্পিউটার, দুটি প্রিন্টার, দুটি মটর সাইকেল, একটি কার্টন বোঝাই লিফলেট ও পোস্টার এবং মাসিক নতুন কিশোর কণ্ঠ পত্রিকা উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এজে/১৫১৭ ঘ.
bdnews24