ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও মহানগর বিএনপি নেতা চৌধুরী আলমের অবস্থান জানতে চেয়ে দায়ের করা রিট আবেদনটি ফেরত দিয়েছে আদালত।
আবেদনটি ফেরত চেয়ে আবেদনকারীর প্রার্থনার পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
চৌধুরী আলমের ছেলে আবু সায়ীদ চৌধুরী সোমবার রিট আবেদনটি দায়ের করেন। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিলো।
আবেদনে চৌধুরী আলমকে বেআইনীভাবে আটক রাখা হয়নি নিশ্চিত করতে কেনো তাকে (আলম) আদালতে হাজির করা হবে না সরকারকে তার কারণ জানাতে নির্দেশ দেওয়ার প্রার্থনা করা হয়।
আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ রিট আবেদনটি ফেরত চেয়ে আদালতে প্রার্থনা জানান।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত রুল জারি না করতে চাওয়ায় আবেদনকারী পক্ষ রিট আবেদনটি ফেরত চেয়েছেন।"
গত ২৯ জুন এক সংবাদ সম্মেলনে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দাবি করেন, ২৫ জুন রাতে ফার্মগেট এলাকা থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে আটক করে নিয়ে গেছেন।
তারপর থেকে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী চৌধুরী আলমের কোনো খবর দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৩৫ ঘ.
bdnews24