২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা

প্রধান বিরোধী দল বিএনপির বুধবারের মানববন্ধন কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ সারাদেশেই পুলিশ বাধা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 06:01 AM

Updated : 25 Aug 2022, 01:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধান বিরোধী দল বিএনপির বুধবারের মানববন্ধন কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ সারাদেশেই পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাদেরকে তেজগাঁও, পল্টন ও শাহবাগ থানায় রাখা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের কথিত জুলুম-নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ঢাকার ১৭টি স্পটসহ সব বিভাগীয় ও জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রধান বিরোধী দল। গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, জাতীয় প্রেসক্লাব, নয়াপল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, হাটখোলা, সায়েদাবাদ ও যাত্রাবাড়ি সড়কের এক পাশে সকাল থেকেই জড়ো হওয়ার চেষ্টা করতে থাকে বিএনপি নেতা-কর্মীরা। ব্যানার, ফ্যাস্টুন আর প্ল্যাকার্ড হাতে নিয়ে দলীয় নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দাঁড়াতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। জাতীয় প্রেসক্লাব, ফার্মগেট, ইত্তেফাক মোড় ও মতিঝিলের শাপলা চত্বরের রাস্তায় কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ফার্মগেটে লাঠিপেটা করা হয়েছে বলেও অভিযোগ তাদের। প্রেসক্লাবের কাছে পুলিশ কাউকে দাড়াঁতেই দেয়নি। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রেসক্লাবের গেটের সামনে পুলিশের বাধার মুখে এক পর্যায়ে রাস্তার উপর বসে পরে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গেটের সামনে এসে দাঁড়ালে কর্মীরা শ্লোগান দিতে থাকে। পুলিশ সকাল সাড়ে ১১টার পর সেখান থেকে জোরপূর্বক তাদের উঠিয়ে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ঠেলে প্রেসক্লাবের গেটের ভেতরে ঢুকিয়ে দেয়। এর প্রতিবাদে কর্মীরা শ্লোগান দিতে থাকে। এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রেসক্লাবের সামনের রাস্তায় কেউ দাঁড়াতে পারবে না। আমরা উপরের নির্দেশ পালন করছি।" বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ছাড়ও দলের সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মান্নান, এ জেড এম জাহিদ হোসেন, মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুনসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। ফার্মগেটের প্রগতি সেন্টারের কাছে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, আহমেদ আজম খান, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ শতাধিক নেতাকর্মী রাস্তার পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়নি অভিযোগ করে সেলিম রেজা হাবিব বলেন, "পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।" এছাড়া সুপ্রিম কোর্টের সামনের রাস্তার পাশে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার ও সাবেক মন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে ৫০-৬০ জন আইনজীবী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পুলিশ সে সময় তাদের ঘিরে রাখে। দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় শহর ও জেলা সদরে একই সময়ে এই কর্মসূচি পালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসএএ/এইচএ/১৭৪৯ ঘ.