চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করার প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপি।
এক ঘণ্টার এ কর্মসূচি বুধবার বেলা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হওয়ার কথা।
মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শাহ আমানত সেতু পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে মহানগর ও থানা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বুধবার দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।
চট্টগ্রামের কর্মসূচি সম্পর্কে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে আমরা দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছি।"
তিনি জানান, সারাদেশের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে দীর্ঘ এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এতে চট্টগ্রামের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রামে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করার জন্য দলের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/০৯৪৭ ঘ.
bdnews24