২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানববন্ধনে বাধা দিলে দায় সরকারের: নজরুল

প্রধান বিরোধী দল বিএনপির মানববন্ধন কর্মসূচীতে বাধা দিলে তার দায় সরকারের ওপর পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 10:21 AM

Updated : 25 Aug 2022, 01:25 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির মানববন্ধন কর্মসূচীতে বাধা দিলে তার দায় সরকারের ওপর পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গত ২৭ জুন হরতালে গ্রেপ্তারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ সব নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বুধবার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। নজরুল ইসলাম খান বলেন, "আমরা বুধবার শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করব। এতে বাধা সৃষ্টি করা হলে তার দায় সরকারের ওপর বর্তাবে। আমরা আশা করি, সরকার এই কর্মসূচিতে বাধা দেবে না।" বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি হবে। রাজধানী ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি হবে বলে জানান নজরুল। নিখোঁজ ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে জনসমক্ষে উপস্থিত করা ও তার মুক্তির দাবিতে আগামী ১০ জুলাই বিকালে ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। গত ২৬ জুন সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা চৌধুরী আলমকে তুলে নিয়ে যায় বলে বিএনপি অভিযোগ করে। নজরুল ইসলাম খান বলেন, "আমরা বিশ্বাস করি, চৌধুরী আলমকে গ্রেপ্তার করে বন্দি রাখা হয়েছে অথবা এমন কিছু করা হয়েছে- যা বলা হচ্ছে না। আমরা অবিলম্বে তাকে আদালতে হাজির করার দাবি জানাচ্ছি।" সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সভাপতি সুলতানা আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/কেএমএস/১৬১৫ ঘ.