২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা: নজরুল

তারেক রহমানকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখতেই সরকার তার বিরুদ্ধে একটি 'মিথ্যা মামলা'য় অভিযোগপত্র দায়ের করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখতেই সরকার তার বিরুদ্ধে একটি 'মিথ্যা মামলা'য় অভিযোগপত্র দায়ের করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা। অবৈধ তত্ত্বাবধায়ক সরকার দুই বছরে তার বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দিতে পারেনি। তারেক রহমান যাতে দেশে ফিরে না আসতে পারে, সেজন্য সরকার এই মিথ্যা মামলা সাজিয়ে অভিযোগপত্র দিচ্ছে। এটা তারেককে রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখতে সরকারের চেষ্টা।" গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, "যে মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, সে ব্যাপারে আইনজীবীরা বিস্তারিত বলবেন। আমি কেবল রাজনৈতিক দিকটা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছি।" মঙ্গলবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, "সারা দেশে তারেক রহমান জনপ্রিয় উদীয়মান রাজনৈতিক নেতা। তাকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করতেই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। দুই বছর অবৈধ সরকার তারেক এর বিরুদ্ধে একটি অভিযোগও আনতে পারেনি। ১৭ মাস পরে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলার অভিযোগ দাঁড় করানো হয়েছে।'' দলীয় নেতাদের সঙ্গে লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানের বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''এটি কোনো রাজনৈতিক সভা ছিলো না। বিভিন্ন দেশে আমাদের দলের শাখা নেতারা তারেক রহমানকে দেখতে চেয়েছিলো, সেই সাক্ষাৎ অনুষ্ঠানটি হয়েছে মাত্র। বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫০১ ঘ.