ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল ও সিলেটে সোমবার ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশালে আটক জামায়াতে ইসলামী ও এর সহযোগী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রোববার বিক্ষোভকালে তাদের আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: দক্ষিণ সুরমা শাখা শিবিরের সেক্রেটারিসহ দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কাইস্তরাইল ও নগরীর দরগা গেইট এলাকা থেকে র্যাব ও পুলিশ এদের আটক করে।
এরা হলেন- শিবিরের উপজেলা সেক্রেটারি আজগর খান রাহাত (২২) ও কর্মী রফিকুল ইসলাম (২৯)।
গ্রেপ্তারকৃতরা গত মঙ্গলবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলার আসামি বলে জানিয়েছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার।
আদালতে হাজির করার পর বিচারক এ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি জানান।
এই মামলায় এর আগে শিবিরের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল: শহরের বিশ্বাস বেতকা গোডাউন এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- মানিকগঞ্জ জেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদ (২২), জামালপুর শহর শাখার প্রকাশনা সম্পাদক গোলজার হোসেন (২৩) ও টাঙ্গাইলের সখিপুরের কর্মী আল আমিন (২২)।
সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। শহরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে তারা গোপন বৈঠক করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24