২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠন

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকতার হামিদ খান পবনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকতার হামিদ খান পবনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন সোমবার দুপুরে অভিযোগ গঠন করে আগামী ৩১ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করেছেন। অন্য পাঁচ আসামী হলেন- গোলাম সাব্বির শোভন, প্রদীপ সাহা, সুলতান হাসান রনি, ওমর ফারুক, ডাকাত বাবু। তারা যুবদলের কর্মী ও পবনের সহযোগী। এর মধ্যে পবন, ওমর ফারুক ও বাবু পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের সময় শোভন, প্রদীপ ও রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদেরকে অভিযোগ পড়ে শোনানো হলে প্রত্যেকে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। গত ২৩ ফেব্র"য়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় প্রদীপকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে গুলশান থানায় মামলা করেন। শোভন গ্রেপ্তার হওয়ার পর হাকিমের কাছে পবনের নির্দেশে ওই বিস্ফোরণ ঘটনো হয় বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে তিনি বলেন, যুবদলে ভালো পদ পাওয়ার লোভে পবন তাদের দিয়ে ওই বিস্ফোরণ ঘটায় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এইচএ/১৭০৯ ঘ.