লন্ডন, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের বিএনপি শাখার নেতাদের নিয়ে লন্ডনে রোববার রুদ্ধদ্বার বৈঠক করেছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ছাড়া বৈঠকস্থলে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ বৈঠকের সমন্বয় করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমর উদ্দিন।
এটিএন বাংলা ও এনটিভির দু'জন সাংবাদিক ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছালে কয়েকজন নেতা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
এমনকি সভাস্থলে কাউকে ক্যামেরা বা মোবাইল ফোন সেট নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য বিএনপির একজন সিনিয়র নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের বিদেশি শাখার প্রতিনিধিসহ ৪০ জনের মতো সভায় উপস্থিত থাকার কথা। বিদেশ থেকে নেতৃবৃন্দের উপস্থিতির বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা লন্ডনে বিএনপি সভাপতি কমর উদ্দিনের রমনা গেইট রেস্টুরেন্টে সমবেত হন। সেখান থেকে সবাইকে পার্শ্ববর্তী সাউথ গেইট টাউন হলে নিয়ে যাওয়া হয়।
এখানে আসার আগে কমর উদ্দিন স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেন, কোনো সাংবাদিককে যেন সভাস্থলে ঢুকতে দেওয়া না হয়।
বেলা আড়াইটার দিকে ক্র্যাচে ভর দিয়ে সভাস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ওই সময় নেতাকর্মীরা তাকে ঘিরে রেখে বৈঠকস্থলে নিয়ে যান।
তারেক রহমানের এই বৈঠক নিয়ে লন্ডনের বাঙালি কমিউনিটিতে বেশ জল্পনা-কল্পনা চলছে।
অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত যুক্তরাজ্য বিএনপি'র একটি গ্র"পের শীর্ষ নেতাদের অনেকেই এই বৈঠকে যোগ দেওয়ার সুযোগে পাননি বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন।
এ বছরের গোড়ার দিকে তারেক রহমান লন্ডনে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।
'১/১১' প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ব্যাপক প্রভাবের অধিকারী হিসেবে পরিচিত তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অন্তত ১৩টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩১৬ঘ.
bdnews24