ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল চাইলে জামায়াতের গ্রেপ্তারকৃত শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
'শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ খসড়া আইন ২০১০', 'ইভটিজিং তথা যৌন হয়রানি সংক্রান্ত প্রচলিত আইনের সংশোধন' এবং 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধন' শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে আইন কমিশন এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
আইনমন্ত্রী বলেন, "মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধের সাথে জড়িত কোন ব্যক্তি অন্য মামলায় আটক থাকলেও তাদেরকে ১৯৭৩ সালের আইন অনুযায়ী গঠিত মানবতাবিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আদেশ দিতে পারে। যুদ্ধাপরাধ তদন্তে গঠিত তদন্ত কমিটি (প্রসিকিউশন টিম) তথ্য উপাত্ত ও সাক্ষীর ভিত্তিতে ট্রাইব্যুনালের কাছে তাদের গ্রেপ্তার চেয়ে আবেদন জানালে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল এই আদেশ দিতে পারে।"
কর্মশলায় উপস্থাপিত 'শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ খসড়া আইন ২০১০' সম্পর্কে তিনি বলেন, আইনটির শিরোনামে 'প্রতিরোধ' শব্দটির পরিবর্তে 'প্রতিকার' হওয়া উচিত।
কারণ, প্রতিরোধ মানে অপরাধ যাতে না ঘটে সে বিধান করা। কিন্তু আইনটি হবে এমন- 'অপরাধ হয়ে গেছে, তার কী প্রতিকার করা যায়।' যেমন- শাস্তি কেমন হবে, কোন আদালতে বিচার হবে, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করা যাবে, সেই সব বিষয় স্থান পেতে পারে বলে তিনি মনে করেন।
'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধন' হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, "বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন সম্পর্কিত যে আইন আছে তার কিছুটা অপপ্রয়োগ হচ্ছে। এ জন্যই হয়ত শতকরা ৯০ ভাগ আসামি খালাস পেয়ে যাচ্ছে।"
তিনি বলেন, "অনেক সময় দেখা যায় যৌতুকের মামলায় পরিবারের সবাইকে আসামি করা হয়। এর ফলে সব আসামির বিরুদ্ধে সাক্ষী উপস্থাপন করা সম্ভব হয় না।"
তিনি আরও বলেন, "আইন করা হয় মঙ্গলের জন্য। সেখানে প্রয়োগ করতে গিয়ে যদি অমঙ্গল হয় তবে সেটি সংশোধন করা প্রয়োজন।"
স
bdnews24