২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ সালের আগে বিদ্যুৎ সংকট সমাধান হবে না: অর্থমন্ত্রী

২০১২ সালের আগে বিদ্যুৎ সংকটের সমাধান হবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালের আগে বিদ্যুৎ সংকটের সমাধান হবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "চলতি ও আগামী বছর বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকবে। ২০১২ সালের একটা অংশে থাকবে। তবে পরবর্তী অংশে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য হবে।" শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'ইনভেস্টমেন্ট ইন পাওয়ার সেক্টর অব বাংলাদেশ : অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস' শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন । বর্তমানে দেশে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় তিন হাজার ৭০০ মেগাওয়াট। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছে, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ২০১১ সালে পাঁচ হাজার মেগাওয়াট এবং ২০১৩ সালে সাত হাজার মেগাওয়াট করতে চায় তারা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ৬২০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যোগ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্ধমন্ত্রী বলেন, "বিদ্যুত বিনিয়োগ নিয়ে সমস্যা নেই। কিন্তু টেকসই বিনিয়োগ দরকার।" বিভিন্ন ধরণের জ্বালানি নির্ভর বিদ্যুৎ প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে মুহিত বলেন, "কয়লা নীতি নিয়ে কাজ করছি। আশা করছি এ বছরের মধ্যেই কয়লা নীতি পাবো আমরা।" সিএনজির দাম বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, "অন্যান্য জ্বালানির তুলনায় সিএনজির দাম এক চতুর্থাংশ। এটাকে দ্বিগুণ করা উচিত।" বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন দেশে রোড শো করেছে সরকার। বিদ্যুতের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎসকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক। তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে মোট বিদ্যুতের পাঁচ শতাংশ আসবে নবায়নযোগ্য উৎস থেকে এবং ২০২০ সালের মধ্যে এটা হবে ১০ শতাংশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী বলেন, বিদ্যুতে বিনিয়োগকারীদের সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিকেএস/কেএমএস/১৩৩৩ ঘ.