২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তড়িঘড়ি মিছিল শেষে উধাও জামায়াত-শিবির কর্মীরা

কয়েক মিনিটের তড়িঘড়ি মিছিল করেই মুহূর্তে উধাও হয়ে গেছে জামায়াত-শিবির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক মিনিটের তড়িঘড়ি মিছিল করেই মুহূর্তে উধাও হয়ে গেছে জামায়াত-শিবির কর্মীরা। বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগর সড়কে প্রথম গলির কাছে আসার পরপরই দ্রুত কর্মীরা সটকে পড়ে। গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির কর্মীরা এই মিছিল বের করে। তারা অবিলম্বে নেতাদের মুক্তিও দাবি করে। বিজয় নগর সড়কে পানির ট্যাংকের কাছে বিকাল চারটায় এই বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিলো। সে অনুযায়ী বিপুল সংখ্যক পুলিশ দুপুরের পর থেকে সেখানে অবস্থান নেয়। পুলিশ সেখান থেকে দুই শিবির কর্মী আবু তালহা ও মিজানকে আটক করে। পুলিশের অবস্থান টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা নাইটিঙ্গলের কাছে দ্রুত ছোট্ট একটি মিছিল করে কেটে পড়ে। এই মিছিলে নেতা-কর্মী মিলে ৩৫-৪০ জনের মতো ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এইচএ/১৮০০ ঘ.