ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এই বৈঠক শুরু হওয়ার কথা।
এ বিষয়ে সকালে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ম্যাডাম তার নীতিনির্ধারণী ফোরামের সঙ্গে বৈঠক করবেন।"
গত ২৭ জুন সকাল-সন্ধ্যা হরতালের রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকটি হয়।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ২৯ জুন গ্রেপ্তার করার পরবর্তী পরিস্থিতি নিয়েও বৃহস্পতিবারে এই বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।
জামায়াতের এই তিন নেতাকে বুধবার আদালত পাঁচটি মামলায় পুলিশের হেফাজতে নিয়ে ১৬ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
এ ঘটনার পর বুধবার রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আলাদাভাবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১২৬ ঘ.
bdnews24