ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সরকারের সময়ের চেয়ে অনেক ভালো দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আত্মীয় বা দলীয় কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দেওয়া বরাদ্দের বিরোধিতা করে নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিমের আনা ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
বিরোধী দল বিএনপির হরতালের সমালোচনা করে তিনি বলেন, "বিরোধী দল হরতালের নামে দেশে নৈরাজ্য ও অরাজকতার সৃষ্টি করছে। হরতালের আগের দিন ট্যাক্সিতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার চেষ্টা করেছে। হরতালের দিন সরকারের এক প্রকৌশলীকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে।"
আইন-শৃঙ্খলা বাহিনীকে যে কোনো মূল্যে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দের বিরোধিতা করে ফজলুল আজিমের আনা ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, "ভারতের সঙ্গে ছিটমহল, তিনবিঘা করিডোর, ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন, তিস্তা চুক্তি, ভিসা প্রদান সমস্যার সমাধানে আলোচনা চলছে।"
ভারত ও মিয়ানমারের সঙ্গে দুই যুগের বেশি সময় ধরে সমুদ্রসীমা নিয়ে বিরোধিতা থাকলেও চারদলীয় জোট সরকার এ নিয়ে আলোচনাও করেনি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বঙ্গোপসাগরে অফুরন্ত সম্পদ আহরণে প্রবেশ করার জন্য ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিরসনে সমঝোতার উদ্যোগ নিয়েছে সরকার।
"এছাড়া বিকল্প উপায় হিসেবে আন্তর্জাতিক আর্বিট্রেশনে গেছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, আগামী ৩/৪ বছরের মধ্যে এ সমস্যার সমাধান হবে।"
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকার ভাল সম্পর্ক গড়ে তোলা দূরে থাক বৈরী সম্পর্ক সৃষ্টির চেষ্টা করেছে। নতুন নতুন সমস্যা সৃষ্টি করে গেছে।
"বর্তমান সরকার ক্ষমতায় এসে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করার চেষ্টা করছে। জাতি এর সুফল পাওয়া শুরু করেছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।"
শুধু আওয়ামী লীগ সরকারের সময়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সমস্যা সমাধানে চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৪৪৯ ঘ.
bdnews24