ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার হওয়া নেতাদের বুধবারের মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটি এই হুশিঁয়ারি উচ্চারণ করে।
সংবাদ সম্মেলনে দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মকবুল আহমাদ এ ঘোষণা দেন।
সরকার শুভ বুদ্ধির পরিচয় দিয়ে আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জামিনযোগ্য উল্লেখ করে মকবুল আহমাদ বলেন, "মঙ্গলবার তারা আদালতে যেতে পারেনি। বুধবার তারা অবশ্যই আদালতে যেতেন এবং জামিন লাভ করতেন। ইসলামের জন্য যারা কাজ করছেন, ধর্মীয় অনুভুতিতে আঘাতের জন্য তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তা কেউ বিশ্বাস করবে না।"
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় দুপুরে নিজামীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার মুখ্য মহানগর আদালত।
পরোয়ানা ছাড়া জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন দলের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক 'অসৎ উদ্দেশ্যে' তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মহানগর আমীর রফিকুল ইসলাম খানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মকবুল আহমাদ বলেন, "তিনি এখন বাইরে আছেন। তার অবস্থান সম্পর্কে আমরা কিছুই জানি না। তিনি গ্রেপ্তার হলেই আপনারা জানতে পারবেন তিনি কোথায় ছিলেন।"
মামলার ব্যাপারে তার দল কী পদক্ষেপ নেবে- এ প্রশ্নের জবাবে আজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নেতৃবৃন্দ আদালতে গেলেই জামিন পেয়ে যাবে । এরপর হাইকোর্টে যাওয়া হবে এবং মামলা খারিজের জন্য আবেদন করা হয়।
আজহারুল ইসলাম জানান, নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পরপরই সারাদেশে জামায়াত নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ-মিছিল করে এবং তাদের আটক করা হয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন মকবুল আহমাদ।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে রমনা থানা পুলিশের একটি দল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পুরানা পল্টনে অবস্থিত দলটির মহানগর কার্যালয়ের সামনেও পুলিশ রয়েছে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জামায়াত কার্যালয়ে প্রবেশ করতে চাইলে কার্যালয়ের গার্ড জানান ভেতরে কোনো নেতা-কর্মী নেই।
মাগরেবের নামাজের পর একে একে জামায়াত নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসা শুরু করেন। পরে সাড়ে সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24