ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি দেশে 'নৈরাজ্য' সৃষ্টি করে আরেকটা ১/১১ চাচ্ছে বলে আশংকা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে সংসদে তিনি বলেন, "আপনি কি আরেকটা ওয়ান-ইলেভেন চান? আমি তো তারই আলামত দেখছি। আমাদের সবাইকে সাবধানে চলতে হবে।"
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বক্তব্য রাখার সময় সুরঞ্জিত এসব কথা বলেন।
সংসদের বাইরে বিএনপির 'বাজেট প্রস্তাবনার' সমালোচনা করে তিনি বলেন, "আপনারা পাঁচ তারা হোটেলে গিয়ে ছায়া বাজেট দিলেন। সংসদীয় পদ্ধতিতে আগে সরকার বাজেট দেবে। আর সেই বাজেটকে অনুসরণ করেই বিরোধী দল সংসদে ছায়া বাজেট দেবে।"
আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, বিরোধী দলের নেতাকে পতাকা দেওয়া হয়েছে। রাস্তার বিরোধী দলীয় নেতাকে পতাকা দেওয়া হয়নি। বিরোধী দল সংসদীয় গণতন্ত্রের রীতিনীতিকে উপেক্ষা করে নৈরাজ্যজনক অবস্থায় চলছে।
প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে তিনি বলেন, "গ্রামীণ অর্থনীতিতে ফিরে যাওয়ার জন্যই এই বাজেট। এই বাজেটে উচ্চাকাঙ্খা আছে। তবে বিলাসিতা নেই।
দেশের শতকরা ৯৫ ভাগ সম্পদ পাঁচ ভাগ জনগোষ্ঠীর মালিকানায় রয়েছে দাবি করে সুরঞ্জিত বলেন, এই সম্পদ ৯৫ ভাগ মানুষের কাছে ফিরিয়ে দেওয়াই হবে কল্যাণ অর্থনীতি।"
বাজেটে সঞ্চয়পত্রের ওপর করারোপের যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহারের আহবান জানান তিনি।
একইসঙ্গে তিনি মোবাইল ফোনের সিম কার্ডের কর আটশ' টাকা থেকে কমিয়ে একশ' টাকা করারও আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এজে/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24