জাবি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শনিবার ছাত্রলীগ সমর্থকদের হামলায় এক ছাত্রদলকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া ছাত্রদলের আরেক কর্মীকে তারা হল থেকে বের করে দেয় বলেও অভিযোগ উঠেছে।
আহত আবু বক্কর আল নোমান ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র। তিনি মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তার বাম হাতে ফ্র্যাকচার হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন মেহের চত্বর এলাকায় দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু বক্কর আল নোমান ব্যবহারিক ক্লাস শেষে ডেইরি গেট যাবার পথে পুরাতন মেহের চত্বর এলাকায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের ৭-৮ জন সদস্য রড, লাঠি দিয়ে তাকে মারধর করে।
এ সময় নোমান কাউকে চিনতে পারেননি বলে জানান।
এ ঘটনার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগ সমর্থকরা ছাত্রদলকর্মী ফরহাদ হোসেন পরাগকে ধাওয়া দিয়ে হল থেকে বের করে দেয়।
পরাগ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের উপর নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ।
জাবি শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বলেন, ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরজু মিয়া বলেন, নোমান কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.
bdnews24