২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদল সংসদের বাইরে বসে চক্রান্ত করছে: জলিল

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, বিরোধীদল সংসদের বাইরে বসে চক্রান্ত করছে, সরকারের উন্নয়ন ব্যহত করছে। জনগণ তাদের এই নেতিবাচক ভূমিকা গ্রহণ করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, বিরোধীদল সংসদের বাইরে বসে চক্রান্ত করছে, সরকারের উন্নয়ন ব্যহত করছে। জনগণ তাদের এই নেতিবাচক ভূমিকা গ্রহণ করবে না। জাতীয় সংসদের শনিবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল এ কথা বলেন। সপ্তম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালনকারী এই সাংসদ বিএনপিকে হরতাল প্রত্যাহার করে সংসদে এসে তাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "হরতালের কী উদ্দেশ্য বা কী কারণে হরতাল দেওয়া হলো- তা আমি বুঝতে পারিনি। আমি বিরোধীদলকে বলবো, হরতাল করে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে সংসদে আসুন।" জলিল তার বক্তব্যের শেষ দিকে এসে বলেন, "স্থানীয় সরকার নির্বাচন অতি জরুরি হয়ে পড়েছে। তৃণমূল পর্যায়ে উন্নয়ন স্থবির হয়ে পড়েছে।" মহাজোটের ঐক্যকে আরো সমুন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, "মহাজোট ও ১৪ দলকে উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।" বাজেট বাস্তবায়নে শুধু আমলা নির্ভর না হয়ে আওয়ামী লীগের নেতাদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ অতি দ্রুত 'কয়লা নীতি' করার আহ্বান জানিয়ে বলেন, "আমি ব্যক্তিগত ভাবে মনে করি- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে আমরা লাভবান হবো। এতে করে যারা ক্ষতিগ্রস্থ হবে তাদের পুনর্বাসন করা যাবে।" আনিসুল ইসলাম মাহমুদ পোষাক শিল্পের শ্রমিকদের অশান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই শিল্পের ক্ষতি হলে আপনারাও ক্ষতিগ্রস্থ হবেন।" একই সাথে তিনি শ্রমিকদের বেতন আরো ৬০ থেকে ৭৯ ভাগ বাড়ানোর জন্য পোষাক শিল্পের মালিকদের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক তার বাজেট আলোচনায় বলেন, "জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কোনোভাবেই উন্নয়ন করতে পারবো না।" বাজেট আলোচনায় আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, শাহরিয়ার আলম, নাজমা আক্তার, আসমা জেরীন ঝুমু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২০৫৬ ঘ.