২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নেতাদের রাজপথে থাকার নির্দেশ খালেদার

২৭ জুনের হরতাল সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে দলের নীতি নির্ধারক ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 07:30 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ জুনের হরতাল সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে দলের নীতি নির্ধারক ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান,রফিকুল ইসলাম মিয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ মহানগরের নেতারা এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে ম্যাডাম (খালেদা) সব নেতাকে রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। রোববার ২৭ জুন সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গত ১৯ মে পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে খালেদা জিয়া এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন। বৈঠকের পর রাতে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার বিকাল সাড়ে চারটায় ম্যাডাম গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এতে তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০১১৯ ঘ.