ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধাদের সার্বিক তালিকা প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, "আগামী অর্থ বছর (২০১০-১১) থেকে এক লাখ ৫০ হাজার অসহায় মুক্তিযোদ্ধাকে প্রতিমাসে দু'হাজার টাকা হিসাবে ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্ত রয়েছে।"
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে নওগাঁ-৪ আসনের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর-ই-হাসনা চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, দেশে অসংখ্য গণকবর রয়েছে। তার মধ্যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়কার সন্ধানপ্রাপ্ত ৩৫৪টি গণকবর সংরক্ষন-সংস্কার এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, আরো গণকবর সংরক্ষনের বিষয়টি সরকারের চিন্তায় রয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য '১৯৭১ এ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সৃষ্ট বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় প্রকল্প)' বাস্তবায়নাধীন রয়েছে।
ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, ঢাকার মিরপুরে প্রিন্স আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিজ, মিরপুর সিরামিক ওয়ার্কস, দারুল সালাম মাদ্রাসা এবং বায়তুল আজমত মসজিদ, শিয়ালবাড়ী, মুসলিম বাজার, জল্লাদখানা এবং রাইনখোলা- এই সাতটি বধ্যভূমি রয়েছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে বলেন, খাদ্য বিভাগের অধীনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের হিসাব অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে মোট খাদ্য চাহিদা দু'কোটি ৬৭ লাখ দু'হাজার মেট্রিক টন। তবে বাংলাদেশ পরিকল্পনা ব্যুরো ২০০৯-১০ অর্থ বছরে মোট খাদ্য উৎপাদনের হিসাব এখনো চূড়ান্ত করেনি।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এ কে খন্দকার জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে ঘাটতি রয়েছে ২৬ দশমিক ১৭ শতাংশ। সেনাবাহিনীতে জনবলের মোট ঘাটতি রয়েছে আট দশমিক ৭৪ শতাংশ।
সেনাবাহিনীতে অফিসার পদে আট হাজার ১৩ জনের জায়গায় আছে পাঁচ হাজার ৯১৬ জন। ৩০৩ জন নার্সিং অফিসারের স্থলে আছে ২৯৩ জন। জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) আছে চার হাজার ২৩৪ জন। এই পদে থাকার কথা চার হাজার ৯৬৫ জন। সিপাহি (আদার র্যাংক) পদে এক লাখ ১৬ হাজার ১৯১ জনের স্থলে আছে এক লাখ ১১ হাজার পাঁচ'শ। ক্যাডেট পদে ছয় হাজার ৭২০ জনের জায়গায় আছে দু'হাজার ১৩২জন। নন কমব্যাটেন্ড (এনসি) পদে দু'হাজার ৪৫৪ জনের বিপরীতে আছে দু'হাজার ৩৩২ জন। কেরানি পদে কর্মরত আছে নয় হাজার ২৮৭ জন, সেখানে থাকার কথা নয় হাজার ৭১৯ জন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে কর্মরত আছে ১৬ হাজার ৫৩০ জন, থাকার কথা ১৮ হাজার ৪৪৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৫১ ঘ.
bdnews24