ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার কম রপ্তানি হচ্ছে। জ্বালানী ও বিদ্যুৎ সংকটের কারনে দেশের জিডিপি প্রবৃদ্ধিও হার ২ ভাগ কমে যাচ্ছে।
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁয়ে ডাচ বাংলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি আয়োজিত "দি ইমপ্যাক্ট অব পাওয়ার এন্ড গ্যাস ক্রাইসিস অন দি এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারার্স সেক্টর" শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, বর্তমানে চাহিদার মাত্র ৭৫ ভাগ বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। সেচের সময় এ চাহিদা আরো বৃদ্ধি পায়। তেলভিত্তিক পাওয়ার প্লান্টের জন্য বিদ্যুতের দাম বাড়ছে। ভবিষ্যতে আরো দাম বাড়বে বলে জানান তিনি।
তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান আলমগীর কবির। ২৬০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্ট স্থাপন করা হচ্ছে। তবে কয়লা না পেলে তা চালু করা সম্ভব হবে না। স্থানীয় কয়লা উত্তোলন করে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারলে জিডিপি ২ থেকে ৩ ভাগ বেড়ে যেত বলে উল্লেখ করেন পিডিবি চেয়ারম্যান। আগামী ৫ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এ জে এ জে এম জি (এলপনস) হেনিকেনস জ্বালানী ও বিদ্যুৎ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে খরচ বেশী তাই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, জ্বালানী ও গ্যাস সংকটের জন্য রপ্তানিমুখী শিল্পে বিশাল ক্ষতি হচ্ছে। ঠিক সময়ে সরবরাহ না দেওয়ার কারনে অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। ক্রেতারা ভারত চীন ও ভিয়েতনামের দিকে ঝুঁকছে। ডিজেল জেনারেটর ব্যবহার করাতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
উম্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরন করে তা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করলে এ সমস্যা অনেকাংশেই সমাধান করা যেত বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন। মূল প্রবন্ধে বলা হয়, আগামী ১০ বছরের মধ্যে গ্যাসের মজুদ শেষ হয়ে যাবে। এজন্য বিকল্প চিন্তা শুরু করতে হবে। কয়লা ও গ্যাস দিয়ে জ্বালানী ও বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারলে আগামী ২০৫০ সাল পর্যন্ত কোন সমস্যা থাকবে না।
বর্তমানে পাওয়ার প্লান্ট বাড়লেও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি, এর কারন হিসেবে তিনি উল্লেখ করেন জ্বালানী সংকটকে।
নিউক্লিয়ার পাওয়ার স্টেশন স্থাপনে সময় ও অর্থ দুটোই প্রয়োজন। এজন্য দেশের কয়লা ব্যবহার করে কয়লা ভিত্তিক বিদুৎ উৎপাদন ছাড়া বিকল্প কোন পথ নেই। মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে ৩০ ভাগের বেশী কয়লা উৎপাদন সম্ভব নয়। কিন্তু উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে ৮০ ভাগ কয়লা উৎপন্ন করা যেত। বাংলাদেশের ৫টি কয়লা খনিতে ৩ হাজার ৩'শ টন উন্নত মানের কয়লা রয়েছে বলে তিনি জানান। কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করলে উৎপাদন খরচ বেড়ে যাবে বলে তিনি জানান।
বিদ্যুৎ সমস্যার জন্য রপ্তানিমুখী শিল্পে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার কম রপ্তানি হচ্ছে। এ সমস্যা মোকাবেলার জন্য অতিদ্রুত দেশীয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তিনি গুরুত্বারোপ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৭৫৪ ঘ.
bdnews24