ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নেতিবাচক' সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নকে 'বাধাগ্রস্ত' না করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছর আমরা একটি ডিজিটাল বাংলাদেশ চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, "নেতিবাচক সংবাদ পরিবেশন করলে উন্নয়ন বাধাগ্রস্থ হয়, জনগন বিভ্রান্ত হয়। একদিনে সবকিছু করা সম্ভব নয়, এটা সাংবাদিকদের বুঝতে হবে।"
সমালোচনা না করে সরকারকে পরামর্শ দেওয়ার জন্যও মন্ত্রী সাংবাদিকদের প্রতি আহবান জানান।
তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজের সুবিধার জন্য এ সরকার যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।
পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প উপস্থাপন করেন।
দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৩ ঘ.
bdnews24