ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ৫৬ জন প্রার্থীর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন বুধবার এ তথ্য জানান।
ইসি সচিবালয়ের উপসচিব জেসমিন টুলি স্বাক্ষরিত এ গেজেটে একজন মেয়র, ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নাম রয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব মো. আব্দুল বাতেন জানান, গেজেটের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় নির্বাচিতদের শপথের ব্যবস্থা করবে।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন।
তিনি ৯৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিনকে পরাজিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/ কেএমএস/১৫০০ ঘ.
bdnews24