২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর অর্থপাচার মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অর্থপাচার মামলায় আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পনে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 12:38 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অর্থপাচার মামলায় আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পনে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারের আবেদনের পরিপ্রিক্ষেতে এই আদেশ দেন। গত ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম অর্থপাচারের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ মে সালাউদ্দিন কাদেরকে এ মামলায় আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয় হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশও দেওয়া হয়। মঙ্গলবার সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং সালাউদ্দিন কাদেরের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম শুনানি করেন। বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ ওই আদেশ দেয়। আদেশে নিু আদালতকে তার জামিন আবেদনটি বিবেচনাও করতে বলা হয়। সালাউদ্দিন কাদের হাইকোর্টে হাজির হয়ে জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। সেদিন জামিন আবেদনের শুনানিতে সাকা চৌধুরীর পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, সাকা চৌধুরী বিদেশে অর্থ পাচার করেননি বা বিদেশ থেকে দেশে অর্থ আনেননি। তিনি বলেন, ২০০৫ সালের ঘটনায় ২০১০ সালে মামলা করা বেআইনী। জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর তিনি হংকং থেকে ব্রিটেনে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে সম্পত্তির বিবরণীতে তা গোপন করেছেন। এছাড়া এ অর্থ দিয়ে তিনি একটি ওষুধ কোম্পানির শেয়ার কেনেন। এ ক্ষেত্রে তিনি নিয়ম ভেঙেছেন। এর আগে ২০০৭ সালের ১৩ জুন সম্পদের তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছিলো দুদক। ওই মামলায় অভিযোগ করা হয়, সাকা চৌধুরী অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি এক কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৮০৩ ঘ.