চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে নবনির্বাচিত মেয়র এম মনজুর আলমের সঙ্গে একত্রে কাজ করবেন তিনবারের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মনজুর মঙ্গলবার সকালে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাওয়ার পর এ আশ্বাস মিলেছে।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিনকে পরাজিত করেন।
নির্বাচনের চারদিন পর সোমবার সন্ধ্যায় মনজুরকে অভিনন্দন জানান পরাজিত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন। ওই অভিনন্দন পাওয়ার পরদিনই মনজুর তার বাসায় গেলেন।
মনজুর সকাল সাড়ে ১০টার দিকে মহিউদ্দিনের চশমা হিলের বাসায় পৌঁছান। এরপর মহিউদ্দিনের ব্যক্তিগত কক্ষে তারা প্রায় পৌনে এক ঘণ্টা একান্তে আলাপ করেন।
বৈঠক শেষে বেরিয়ে নতুন মেয়র সাংবাদিকদের বলেন, "আমি আজীবন তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে এসেছি। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে। দুই বছর পর আগের সেই পারিবারিক আবহে কিছু সময় কাটালাম।"
তিনি আরো বলেন, "চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করতে তার পরামর্শ ও সহযোগিতা চেয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন
bdnews24