ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব তা আওয়ামী লীগই প্রমাণ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় একথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, "শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব- এটা আওয়ামী লীগই প্রমাণ করেছে। ভোলার উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনই এর প্রমাণ।"
আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী এম মনজুর আলম, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং চট্টগ্রামের জনগণকে অভিনন্দন জানান আশরাফ।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির 'সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে' দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামে অবাধ, সষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে জনগণ বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
"আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন যেনো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। আমরা কোনোভাবেই এই নির্বাচন প্রভাবিত করার বা কোথাও বাধা দেওয়ার চেষ্টা করিনি।"
আশরাফ আরো বলেন, "সরকার গণতন্ত্রকে সুসংহত করার চেষ্টা করছে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আবশ্যক।"
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আশরাফ বলেন, "সরকার চট্টগ্রামের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর।"
এই নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে মনে করছেন কিনা- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "এটা দলীয় বা জাতীয় নির্বাচন নয়।
"নাগরিক কমিটির প্রার্থীকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে মাত্র। যাকে ভোট দিলে চট্টগ্রামের উন্নয়ন হবে- মানুষ তাকেই ভোট দিয়েছে। এখানে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের প্রশ্ন ছিলো না।"
চট্টগ্রামে দল পুনর্গঠনের সময় এসেছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ প্রসঙ্গে তিনি বলেন, "দলীয় ফোরামে এই নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৩৯ ঘ.
bdnews24