২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ভোট হচ্ছে।চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী, প্রদীপ চৌধুরী, রিয়াজুল বাশার, মিন্টু চৌধুরী ও আল আমিন দেওয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 03:36 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী, প্রদীপ চৌধুরী, রিয়াজুল বাশার, মিন্টু চৌধুরী ও আল আমিন দেওয়ান চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ভোট হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি। সময় বাড়ার সঙ্গে ভোট কেন্দ্রগুলোয় বাড়ছে ভোটার সংখ্যা। ভোট শুরুর সময় বন্দরনগরীর আকাশ রৌদ্দ্রজ্জ্বল থাকলেও আস্তে আস্তে হালকা মেঘ জমে আসে। এ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত আছে। নির্বাচনে মেয়র পদে প্রার্থী আটজন। ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, মোফাজ্জল হোসেন ভূইয়া ও রফিকুল আলম। মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের পক্ষে সমর্থন ঘোষণা করলেও প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে রয়ে গেছে সোলায়মান আলম শেঠ-এর নাম। ১৫ জুন মধ্যরাতে এ নির্বাচনের প্রচারণা শেষ হয়। ১৬ জুন মধ্যরাত থেকে অনুমোদিত ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ১৪ জুন থেকে মটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী সকাল পৌনে ৯টার দিকে ২১ নম্বর ওয়ার্ডে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে। কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব ধরনের পদক্ষেপ নিয়েছে কমিশন। কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা সান্তনু জানিয়েছেন, ভোট শুরু হয়েছে। ভালভাবেই চলছে। এ কেন্দ্রে প্রথম ভোট দেন তপসী রাণী দে ও মেহেরুন নেছা। প্রতিক্রিয়া জানতে চাইলে তাপসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যরকম ভাল লাগছে। পথে কোনো সমস্যা হয়নি বলে জানান মেহেরুন নেছা। ২০০৫ সালের ৯ মে সর্বশেষ সিসিসি নির্বাচন হয়, মেয়াদ উত্তীর্ণ হবে এ বছরের ২৫ জুন। বর্তমানে সিসিসির ওয়ার্ড সংখ্যা ৪১টি। এর মধ্যে সংরক্ষিত ১৪টি। সর্বশেষ তালিকায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৭ হাজার ৭৯০। মহিলা ভোটার ৮ লাখ ১৭ হাজার ১৬৫। ভোট কেন্দ্র ৬৭৪টি; ভোট কক্ষ ৪ হাজার ৭৪৮টি। ভোটগ্রহণ কর্মকর্তা ১৪ হাজার ৯১৮ জন। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ৬৭৪ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৭৪৮ জন এবং পোলিং কর্মকর্তা ৯৪৯৬ জন। দেশে প্রথম ই-ভোটিং দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই-ভোট চালু হয়েছে মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। এ পদ্ধতিতে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে দীপু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহজ-ই তো। ট্রায়াল দেইনি। কর্মকর্তারা দেখিয়ে দেওয়ায় কোনো সমস্যাও হয়নি।" এ পদ্ধতিতে ভোট দিতে সময় কম লেগেছে বলে জানান তিনি। প্রিজাইডিং কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, ভোটারদের উপস্থিতি বেশি। ই-ভোটিং নিয়ে উৎসাহ লক্ষ করা যাচ্ছে। ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং পর্যবেক্ষণ করছেন বুয়েটের অধ্যাপক এস এম লুৎফুল কবীর। এ ওয়ার্ডে ২৫ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৭৯ এবং মহিলা ১২ হাজার ৩৫১ জন। ১৪টি কেন্দ্রে ৭৯টি ভোটকক্ষ রয়েছে। এজন্য ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৫৮ জন পোলিং অফিসার নিয়োজিত আছেন। ইসির হুঁশিয়ারি সিসিসি নির্বাচনে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, নির্বাচনের দিন কোথাও কোনো কেন্দ্রে গোলমাল হলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমসি/আরবি/পিসি/এজে/কেএমএস/০৯৩৪ ঘ.